কিভাবে সংবাদপত্র পড়া উচিত (How to read newspapers) ?
পত্রিকা বা সংবাদপত্র হল একমুখী যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। সংবাদপত্রের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানের খবর খুব দ্রুত পেয়ে থাকি। এর সাহায্যে পৃথিবীর রাজনীতি,অর্থনীতি,ব্যবসা-বানিজ্য, খেলাধুলা,বিনোদন সহ নানান রকমের খবর আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি। তাই সংবাদপত্রকে বলা হয় জ্ঞানের ভান্ডার।
আজ আমি সংবাদপত্রের ইতিহাস নিয়ে কিছু বলতে চাইনা, কেননা আমরা এ বিষয়ে সবাই মোটামুটি জানি। আজ আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হল সংবাদপত্রের কোন কোন বিষয়গুলো আমাদের পড়া উচিত। প্রথমেই বলে রাখা ভালো, এক্ষেত্রে ব্যক্তিভেদে রুচি ভিন্ন ভিন্ন হতে পারে এবং হওয়া স্বাভাবিক। তাই, আমার যেটা ভালো লাগে সেটা আপনার ভালো নাও লাগতে পারে। তবে কিছু বিষয় আছে যা সবার পড়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এ বিষয়গুলোর মধ্যে আছে প্রতিদিনের প্রধান প্রধান খবর, সম্পাদকীয়, আন্তর্জাতিক রাজনীতি, বিভিন্ন পরিসংখ্যান ইত্যাদি অন্যতম। একজন শিক্ষার্থীর নিয়মিত এসব পড়া উচিত। তবে যারা খেলাধুলা, বিনোদন, কিংবা পাঁচমিশালি ভালোবাসেন তারা অবশ্যই সেগুলো পড়বেন তবে এসব বেশি করে পড়া উচিত নয়।
এবার সংবাদপত্র কিভাবে পড়তে হবে তা বলতে বলতে চাই।
প্রথমেই পত্রিকা হাতে পাওয়ার পরই প্রথম ও শেষ পাতার দিনের প্রধান প্রধান খবরগুলির দিকে চোখ বুলাবেন কিন্তু বিস্তারিত পড়বেন না।
তারপর ভিতরের পেজে ঢু মারবেন। এখানে দেখবেন আন্তর্জাতিক খবর, বিভিন্ন লেখকের লেখা মতামতগুলোতে কি বিষয় নিয়ে লেখা আছে।

এখন আপনি বুঝে গেছেন আজকের সংবাদপত্রের কোথায় কি আছে। তাহলে এবার পত্রিকা পড়া শুরু করুন। শুরু করুন দেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ রাজনীতি অথবা অন্য কোন আলোচিত বিষয় দিয়ে। তারপর পড়ুন আন্তর্জাতিক রাজনীতির খবর। এখন আপনি দেশে-বিদেশে যা ঘটেছে তা সম্পর্কে ওয়াকিব হাল।
সুতরাং, এখন আপনার গুরুত্বপূর্ণ কাজ বা ক্লাস থাকলে যেতে পারেন, তবে সময় বের করে অবশ্যই পড়ে নিবেন। আর যদি ব্যস্ত না থাকেন তাহলে সম্পাদকীয় পাতায় বিভিন্ন লেখকের লেখা কলামমগুলো মনোযোগ দিয়ে তা পড়ে নিন। এতে আপনি রাজনীতি,অর্থনীতির জটিল ও কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারবেন।
পাশাপাশি আপনি যদি পত্রিকা হতে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়গুলোর নোট নিতে পারেন তাহলে সেটা আপনার জন্য হতে পারে সোনায় সোহাগা!
এটা আপনার কাছে বিভিন্ন বিষয়ের দলিল হিসেবে জমা থাকলো। যারা গবেষক কিংবা রাজনৈতিক বিশ্লষক হতে চান তাদের জন্য এটা ফরজে আইনের মত একটা কাজ বলা যায়।
পরিশেষে বলবো, অন্যান্য বিষয়গুলো যার যে বিষয়ে আগ্রহ আছে তা পড়ে নিবেন। তবে, একজন সচেতন নাগরিক বর্ণিত বিষয়গুলো অবশ্যই পড়া উচিত। পাশাপাশি পরিবেশিত সংবাদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত যাতে করে কোন ভুয়া কিংবা মিথ্যা সংবাদ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে।