ন্যায়পাল বা অম্বাডসম্যান (OMBUDSMAN)
অম্বাডসম্যান (Ombudsman) শব্দটির কাছাকাছি বাংলা প্রতিশব্দটি হচ্ছে ন্যায়পাল। কাছাকাছি বললাম কারন অম্বাডসম্যান নামক শব্দটির উৎপত্তি হয়েছিল সর্বপ্রথম স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র সুইডেনে ১৮০০ শতাব্দীর শুরুর দিকে এবং এর উৎপত্তিকালীন অর্থটি ছিল প্রতিনিধি। সুইডেনই পুরো বিশ্বের মধ্যে প্রথম রাষ্ট্র যারা রাষ্ট্রীয় পর্যায়ে অম্বাডসম্যান নামক বিশেষ পদের সৃষ্টি করে, যা পরবর্তীতে পুরো বিশ্বব্যাপী অনেক রাষ্ট্রই অনুসরণ করা শুরু করে এবং যার ধারাবাহিকতা আজও চলমান রয়েছে। তো এখন আসা যাক, অম্বাডসম্যান আসলে কি?
রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিকদের অভিমত অনুযায়ী,
অম্বাডসম্যান হচ্ছেন রাষ্ট্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত অথবা নিযুক্ত প্রতিনিধি যিনি রাষ্ট্র অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা সংঘটিত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে করা জনগণ অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তির করা অভিযোগকে নিরপেক্ষভাবে তদন্ত ও বিশ্লেষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন বা করার ক্ষমতা রাখেন আইনগতভাবে। অম্বাডসম্যানরা সাধারণত স্বাধীন, নিরপেক্ষ, নিঃস্বার্থ প্রকৃতির হয়ে থাকেন।
আধুনিক যুগে অম্বাডসম্যানের ধারণাটি ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠছে পুরো দুনিয়া জুড়েই। বহুল চর্চার সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে এর নিত্যনতুন ধারাও গড়ে উঠছে প্রতিনিয়ত। এখন অম্বাডসম্যান ধারণাটি কেবল রাষ্ট্রীয় কর্মকান্ড অনুসন্ধানের মাঝেই সীমাবদ্ধ নেই বরং প্রায় সকল ধরণের সংগঠনের ক্ষেত্রেই জবাবদিহিতা নিশ্চিতকরণের স্বার্থে অম্বাডসম্যান নামক ঐতিহাসিক ধারণাটি ব্যবহার করা হচ্ছে।